হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব-১৫।
এরই ধারাবাহিকতায় উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সোমবার (১৯ মে) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সুনির্দিষ্ট তথ্য ও নিজস্ব গোয়েন্দা সূত্রের সহায়তায় ক্যাম্পের সি/৫ ব্লক থেকে চিহ্নিত এক রোহিঙ্গা অপরাধীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আমিন (৩৮)। তার পিতার নাম মৃত নুরুল ইসলাম এবং মাতার নাম জমিলা খাতুন। তার এফসিএন নম্বর- ২৪৮৮৩০।
পরে তার হেফাজত তল্লাশি করে একটি অবৈধ দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে তিনি অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














