সরওয়ার কামাল,মহেশখালী :: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলায় ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে।
১৯ মে সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে।
১৯ই মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ই মে পর্যন্ত চলবে।
৩ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
প্রধান অতিথি ছিলেন- মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, মহেশখালী উপজেলা সাব-রেজিস্টার আব্দুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন- ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাঁশি, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউল আলম, কানুনগো মোঃ নোমান হোসেন, ভূমি উপসহকারী জগন্নাথ চন্দ্র দে, ভূমি উপসহকারী মিছবাহ উদ্দিন, ভূমি উপসহকারী চন্দন কুমার দাশ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় সম্পূর্ণ ডিজিটাল ও সহজ উপায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে এখন মানুষ ঘরে বসেই নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।
ভূমি মেলা ও সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে এই ডিজিটাল সেবাগুলো সম্পর্কে সচেতন করা এবং কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুত সেবা নিশ্চিত করা।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মূল লক্ষ্য নাগরিকদের নতুন ডিজিটাল সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা।
প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।














