বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় পাহাড় থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। তাঁদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
দুর্ঘটনার সময় তাঁরা দরিয়ানগর এলাকায় একটি কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাস যাওয়ার সড়কে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল।
দুপুরে কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন।
এ সময় হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে শ্রমিকদের ওপর। এতে কয়েকজন চাপা পড়ে গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত একজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালভার্ট নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজ এর প্রতিনিধি আবদুর রহিম মজুমদার বলেন, শ্রমিকরা নিরাপত্তাবিধি মেনেই কাজ করছিলেন।
আকস্মিক মাটিধসের ঘটনায় এই প্রাণহানি ঘটে। নিহত ও আহত সবাই প্রায় এক মাস ধরে প্রকল্পে কাজ করছিলেন।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।














