শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে র‌্যাবের অভিযানে প্রায় ৯০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

🗓 শনিবার, ০৬ জুন ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৬ জুন ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে প্রায় ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

এ ঘটনায় দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকা থেকে ৮৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ার বাসিন্দা হোসন আহামদ (৩৮) ও মো. শামসুল আলম (৪৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৪ জুন রাত সাড়ে ১১টার দিকে তথ্য পাওয়া যায় যে, কয়েকজন মাদক ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া নৌকা ঘাট এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে বিক্রি বা পাচারের প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে হোসন আহামদকে আটক করা হয়।

তবে তার সহযোগী শামসুল আলম সে সময় পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নয়টি পৃথক প্যাকেটে রাখা ৮৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হোসন আহামদ জানান, তিনি ও পলাতক শামসুল আলম দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালীয়া পাড়া এলাকা থেকে শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর