এস এম জোবায়েদ,পেকুয়া :: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড বক্স অফ বাংলাদেশ এর উদ্যোগে পেকুয়ায় বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) পেকুয়ার ফাঁসিখালি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে “গাছ লাগান, পরিবেশ বাঁচান; সবুজ হোক আমাদের আগামী” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সংগঠনের সহ- কার্যকরী সদস্য মুহাম্মদ সাকিব হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রভাত বাংলাদেশ ও রূপালী বাংলাদেশের সাংবাদিক এম জুুবাইদ, পেকুয়া আইডিয়াল স্কুলের শিক্ষক তৌহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এমরানুল ইসলাম এবং সংগঠক মোহাম্মদ মামুন।
এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শরীফ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সাইমন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহিন আক্তার, সহ-কার্যকরী সদস্য মোহাম্মদ সাকিব, সরওয়ার হোছাইন, মোহাম্মদ হুমায়ুন, নাহিদুল ইসলাম নাহিদ, আলি হোছেন ও ইফতিখার আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শরীফ বলেন, “পরিবেশ রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সুবিধাজনক স্থানে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে।
একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” পরিবেশের পাশাপাশি এ সংগঠন বেওয়ারিশ লোকজনের জন্য ও কাজ করেছি এবং এ মানবিক কাজে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
পরে উপস্থিত শিক্ষার্থী, অতিথি ও সংগঠনের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে সবাইকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
“গাছ লাগান, পরিবেশ বাঁচান; সবুজ হোক আমাদের আগামী” এই স্লোগানকে সামনে রেখে ব্লাড বক্স অফ বাংলাদেশ ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানানো হয়।













