কক্সবাংলা ডটকম :: দীর্ঘ অনিশ্চয়তা আর উৎকণ্ঠার অবসান ঘটল।
টিভিতে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে পাবেন বাংলাদেশের সমর্থকরা।
টেলিভিশনের পর্দার পাশাপাশি এবার ডিজিটাল মাধ্যমেও দর্শকরা নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন বিশ্ব ফুটবলের এ মহাযজ্ঞ।
টিভি সম্প্রচারের ক্ষেত্রে বিটিভি ও টি-স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়েছে সময় টিভি।
ডিজিটাল প্লাটফর্মে এ স্বত্ব পেয়েছে শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের ওটিটি প্লাটফর্ম ‘টফি’।
বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের স্বত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভি ফিফার কাছ থেকে সরাসরি খেলা দেখানোর স্বত্ব ক্রয় চূড়ান্ত করেছে।
চ্যানেলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি সম্পন্ন করার আইনি ও প্রক্রিয়াগত দিকগুলো এখন শেষ হয়েছে।
ফলে ঘরের মাঠে বসে টেলিভিশন সেটেই দর্শকরা খেলা দেখার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ ফিফার কাছ থেকে বাংলাদেশের বাজারের জন্য বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছিল।
তবে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকতে তারা স্থানীয় পর্যায়ে তা বিক্রি করতে ব্যর্থ হয় এবং একপর্যায়ে চুক্তি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ায়।













