দীপন বিশ্বাস,উখিয়া :: কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুর সোয়া ২টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া সীমান্ত এলাকায় নাফ নদীর শূন্যরেখার কাছে মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে নৌকাযোগে কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে আসতে দেখা যায়।
এলাকাটি ইয়াবা পাচারের জন্য পরিচিত হওয়ায় বিজিবি টহল দল তাদের বাংলাদেশের জলসীমায় প্রবেশ না করতে নির্দেশ দেয়।
তবে নির্দেশ অমান্য করে তারা বাংলাদেশের জলসীমার দিকে অগ্রসর হতে থাকে।
এ সময় ৬৪ বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নিয়ে সশস্ত্র গ্রুপটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
জবাবে সশস্ত্র দলটিও কয়েক রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে তারা নৌকাটি ফেলে রেখে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি জি-থ্রি ম্যাগাজিন, তিনটি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-থ্রি পোচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা নগদ অর্থ এবং ১২ প্যাকেট সিগারেট উদ্ধার করে।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ৩০ মে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় জেলের ছদ্মবেশধারী দুই রোহিঙ্গার কাছ থেকে অস্ত্রের মুখে ইয়াবা ছিনিয়ে নেওয়া যে সশস্ত্র দলটি ছিল, পালংখালীর সাম্প্রতিক ঘটনাতেও একই দলের সদস্যরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির জনবল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ ও জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবি বলেছে, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














