কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত এক তরুণকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-১৫।
বুধবার (৪ জুন) রাতে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে ১৮ বছর বয়সী আবছার নামের ওই তরুণ অপহরণের শিকার হন।
এ ঘটনায় তার পিতা র্যাব-১৫-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উদ্ধার অভিযান শুরু করে।
গোপন তথ্য, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অপহৃত তরুণের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় র্যাব।
পরে একই দিন রাত সাড়ে ৭টার দিকে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকার সড়কের পাশ থেকে আবছারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত তরুণকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে র্যাব-১৫ সর্বদা তৎপর রয়েছে।














