নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় বিয়ের দিনেই আখি আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজম কলোনি নয়া পাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আখি আক্তার ওই এলাকার দিদারের মেয়ে। তাঁর বাবার আদি বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
তিনি চট্টগ্রামে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিন মেয়ের মধ্যে আখি ছিলেন সবার বড়। বাবা-মায়ের সম্মতিতে পারিবারিকভাবে তাঁর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন জানান, শুক্রবার রাতে পাশের ৪ নম্বর ওয়ার্ডের অমজাখালী গ্রামের এক যুবকের সঙ্গে আখির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের সাজে সাজতে বিকেলে তাঁকে পার্লারে নেওয়ার পরিকল্পনা ছিল। এরই মধ্যে কোনো এক কারণে অভিমান করে আখি বাড়ির পাশের একটি জনশূন্য ঘরে চলে যান।
পরে স্বজনেরা খোঁজাখুঁজি করতে গিয়ে ওই ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন।
পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা মৃত ঘোষণা করেন। চিকিৎসকের তথ্য অনুযায়ী, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, ঘটনাটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিয়ের দিন এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।













