শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বল রাজস্ব আয় সরকারের , বাড়ছে ঋণনির্ভরতা

🗓 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা, অবকাঠামো নির্মাণ এবং বাজেটের ঘাটতি পূরণে ঋণ গ্রহণ বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিতেই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে সেই ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হয়ে পড়লে তা অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়। বাংলাদেশ এখন ক্রমেই এমন এক আর্থিক বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় সরকারি ঋণের পরিমাণ এখনো আন্তর্জাতিকভাবে নির্ধারিত ঝুঁকিসীমার নিচে থাকলেও ঋণের আসল ও সুদ পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

রাজস্ব আহরণে দীর্ঘদিনের দুর্বলতার কারণে সরকারের আয়ের বড় অংশই চলে যাচ্ছে পুরনো ঋণের কিস্তি ও সুদ পরিশোধে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, প্রশাসনিক ব্যয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের নিজস্ব অর্থায়নের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে।

পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, একদিকে সরকারের ঋণের স্থিতি ও সুদ ব্যয় বাড়ছে, অন্যদিকে সে অনুপাতে বাড়ছে না রাজস্ব আয়। উন্নয়ন ব্যয়ের পাশাপাশি পুরনো ঋণের দায় মেটাতেও সরকারকে নতুন করে ঋণ নিতে হচ্ছে। এতে তৈরি হচ্ছে ঋণনির্ভরতার একটি দুষ্টচক্র।

আন্তর্জাতিক ঋণ মূল্যায়নেও বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়নে দেশের ঋণঝুঁকি আগের নিম্ন পর্যায় থেকে মধ্যম পর্যায়ে উন্নীত হয়েছে।

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, নভেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের ঋণ-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ৪০ দশমিক ৫ শতাংশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে দেশের মোট জিডিপির আকার ছিল ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, একই সময়ে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৪ লাখ ৭৮ হাজার ৬৮৫ কোটি টাকা। তবে এ হিসাবের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ঋণ অন্তর্ভুক্ত করা হয়নি।

ঋণ-জিডিপি অনুপাত আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণযোগ্য মনে হলেও ঋণ পরিশোধের ব্যয় বৃদ্ধিই এখন বড় উদ্বেগের কারণ।

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারের সুদ পরিশোধ ব্যয় জিডিপির ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। অথচ ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল মাত্র ১ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ এক দশকের ব্যবধানে অর্থনীতির আকারের তুলনায় সুদ পরিশোধের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ঋণের আসল ও সুদ পরিশোধে রাজস্বের কতটা ব্যয় হচ্ছে, তা বিশ্লেষণ করলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়। আইএমএফের সাম্প্রতিক প্রতিবেদনের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশি-বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

ডলারপ্রতি ১২৪ টাকা ৭৫ পয়সা বিনিময় হার ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ কোটি টাকা। বিপরীতে একই অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকৃত রাজস্ব আহরণ ছিল ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। অর্থাৎ এনবিআরের সংগৃহীত রাজস্বের প্রায় ৯২ শতাংশের সমপরিমাণ অর্থ ব্যয় হয়েছে ঋণের আসল ও সুদ পরিশোধে।

এ চিত্র থেকে স্পষ্ট, সরকারের আয় ও ব্যয়ের কাঠামোয় ঋণ পরিশোধ কতটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। রাজস্বের প্রায় পুরোটা ঋণ পরিশোধে ব্যয় হলে রাষ্ট্র পরিচালনা, জনসেবা এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অর্থের সংস্থান করা কঠিন হয়ে পড়ে।

বৈদেশিক ঋণ পরিশোধেও বাড়ছে চাপ

সরকারের ঋণ পরিশোধের চাপ শুধু অভ্যন্তরীণ ঋণে সীমাবদ্ধ নয়। বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধেও ব্যয় ধারাবাহিকভাবে বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ৪৪৯ কোটি ৪০ লাখ ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে আসল বাবদ ২৯৫ কোটি এবং সুদ বাবদ ১৫৪ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ ছিল ৪০৯ কোটি ডলার। ওই সময়ে আসল বাবদ ২৬০ কোটি এবং সুদ বাবদ ১৪৯ কোটি ডলার পরিশোধ করেছিল সরকার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে ৪০ কোটি ৪০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকেও একই প্রবণতা দেখা গেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে সরকার ১৩৫ কোটি ১২ লাখ ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ৮৬ কোটি ডলার আসল এবং ৪৯ কোটি ডলার সুদ। আগের অর্থবছরের একই সময়ে পরিশোধের পরিমাণ ছিল ১২৭ কোটি ৯৯ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণও বেড়েছে।

ঋণঝুঁকির মূল্যায়নে অবনতি

একসময় জিডিপির অনুপাতে ঋণের পরিমাণ বিবেচনায় বাংলাদেশকে তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থানে মনে করা হতো। কিন্তু ঋণ পরিশোধের সক্ষমতা, রাজস্ব আহরণের সীমাবদ্ধতা এবং স্থানীয় ঋণবাজারের দুর্বলতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশেষ করে রফতানি আয়ের তথ্য সংশোধনের পর দেশের ঋণঝুঁকি মূল্যায়নে পরিবর্তন আসে।

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথভাবে তৈরি করা ডেট সাসটেইনেবিলিটি অ্যানালাইসিস (ডিএসএ) প্রতিবেদনে বাংলাদেশের ঋণঝুঁকি আগের নিম্ন পর্যায় থেকে মধ্যম পর্যায়ে উন্নীত হওয়ার তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জিডিপির তুলনায় রাজস্ব আহরণের নিম্ন হার এবং স্থানীয় ঋণবাজারের অগভীরতা ঋণ পরিশোধের সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে।

অর্থাৎ ঋণের পরিমাণের চেয়ে ঋণ পরিশোধের জন্য সরকারের হাতে পর্যাপ্ত আয় না থাকাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আগামী তিন বছরে ঋণ বাড়তে পারে সাড়ে সাত লাখ কোটি টাকা

বর্তমান ঋণের দায় সামাল দেয়ার পাশাপাশি আগামী কয়েক বছরের আর্থিক চাপ নিয়েও উদ্বেগ বাড়ছে। আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশি-বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারের ব্যয় হতে পারে ৩৩ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় ঋণ পরিশোধের ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছর শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। ২০২৭-২৮ অর্থবছর শেষে তা বেড়ে ২৯ লাখ ৫৬ হাজার ৭০০ কোটি এবং ২০২৮-২৯ অর্থবছর শেষে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। সে হিসাবে আগামী তিন অর্থবছরে সরকারের ঋণের স্থিতি প্রায় ৭ লাখ ৪৪ হাজার ৫০০ কোটি টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে।

ঋণের এই ক্রমবর্ধমান প্রবণতার বিপরীতে রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় আর্থিক ব্যবস্থাপনায় চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চার মাসে রাজস্ব ঘাটতি ৫০ হাজার কোটি টাকা

ঋণের দায় বাড়লেও সরকারের রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত গতি নেই। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। জুলাই-অক্টোবর সময়ে ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর রাজস্ব আদায় করতে পেরেছে প্রায় ১ লাখ ২৮ হাজার কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।

এ সময়ে আয়কর ও আমদানি পর্যায়ে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি থাকলেও ভ্যাট আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে। এতে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আরও কঠিন হয়ে পড়েছে। একদিকে ঋণের কিস্তি ও সুদ পরিশোধের দায় বাড়ছে, অন্যদিকে রাজস্ব আহরণে ঘাটতি তৈরি হওয়ায় বাজেটের অর্থায়নে ঋণের ওপর নির্ভরতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কর-জিডিপি অনুপাতে বিশ্বের পিছিয়ে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ

রাজস্ব আহরণের দুর্বলতা বাংলাদেশের অর্থনীতির দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল ৬ দশমিক ৮ শতাংশ। এ সূচকে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪তম। একই সময়ে জিডিপির অনুপাতে দেশের মোট রাজস্ব আয় ছিল ৮ শতাংশ, যা ২০১৮-১৯ অর্থবছরের ৮ দশমিক ৬ শতাংশের তুলনায় কম।

বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশের বর্তমান আয়স্তরের অর্থনীতির জন্য রাজস্ব-জিডিপি অনুপাত প্রায় ১৫ শতাংশ হওয়া স্বাভাবিক। কিন্তু বাস্তবে রাজস্ব আহরণের হার সেই পর্যায়ের অনেক নিচে। অর্থনীতির আকার বাড়লেও সে অনুপাতে সরকারের আয় বাড়ছে না।

প্রতিবেদনে কর কাঠামোর নীতিগত সীমাবদ্ধতা, কর অব্যাহতি এবং কর ফাঁকিকে রাজস্ব আহরণের ঘাটতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে, দেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট আহরণের সম্ভাব্য পরিমাণ ও প্রকৃত আদায়ের মধ্যে ব্যবধান প্রায় ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা, যা জিডিপির ১১ দশমিক ৩ শতাংশের সমান। এ ব্যবধানের প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী নীতিগত কারণে দেয়া কর অব্যাহতি ও হ্রাসকৃত করহার। বাকি অংশের পেছনে রয়েছে কর ফাঁকি।

এ ছাড়া দেশের জনসংখ্যার মাত্র ৭ শতাংশের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। প্রায় ১ কোটি টিআইএনধারীর মধ্যে আয়কর দেন মাত্র ৪১ লাখ। প্রত্যক্ষ কর আহরণের ক্ষেত্রেও আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশের অবস্থান দুর্বল। ১৪৭টি দেশের মধ্যে এ সূচকে বাংলাদেশের নিচে রয়েছে মাত্র ১৫টি দেশ।

ব্যাংক খাতেও তৈরি হচ্ছে চাপ

রাজস্ব আহরণের দুর্বলতার পাশাপাশি সরকারের ঋণ গ্রহণের ব্যয়বহুল কাঠামোও অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারের সুদ পরিশোধ ব্যয় জিডিপির ২ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর প্রাক্কলন করা হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ১ লাখ ৫৯ হাজার কোটি টাকা। বিশেষ করে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় বৈদেশিক ঋণের সুদ ব্যয়ের তুলনায় ৬ দশমিক ৬ গুণ।

এদিকে সরকারি সিকিউরিটিজের ৭৭ দশমিক ২ শতাংশ ব্যাংকগুলোর হাতে রয়েছে। ফলে সরকারের ঋণ চাহিদা মেটাতে ব্যাংক খাতের বড় অংশের অর্থ ব্যবহৃত হচ্ছে। এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। অর্থনীতির ভাষায় এ পরিস্থিতি বেসরকারি বিনিয়োগকে সংকুচিত করে দেয়ার বা ‘ক্রাউডিং আউট’ প্রভাবের আশঙ্কা বাড়ায়।

অর্থাৎ সরকারের ঋণ চাহিদা বাড়ার ফলে ব্যাংকগুলো যদি সরকারি খাতে বেশি অর্থ বিনিয়োগ করে, তাহলে শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণপ্রাপ্তি কঠিন হয়ে উঠতে পারে।

রাজস্ব বাড়ানো ছাড়া ঋণঝুঁকি মোকাবেলা কঠিন

ঋণের স্থিতি ও সুদ ব্যয়ের চাপ নিয়ে অর্থ বিভাগের পক্ষ থেকেও উদ্বেগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিভাগটির পক্ষ থেকে এখনো ২০২৫-২৬ হিসাব বছর শেষে সরকারের ঋণের স্থিতি এবং ঋণ ও সুদ পরিশোধের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত অর্থবছরে ঋণের স্থিতি বাড়ার পাশাপাশি প্রক্ষেপণের তুলনায় প্রকৃত সুদ ব্যয়ও অনেক বেড়েছে।

অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, ‘বাংলাদেশের ঋণ-জিডিপি অনুপাত এখনো ঝুঁকিপূর্ণ সীমার নিচে রয়েছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে কর-রাজস্ব আহরণে দুর্বলতা। জিডিপির অনুপাতে আমাদের কর-রাজস্বের পরিমাণ ১০ শতাংশ হলেও এ পরিস্থিতি তৈরি হতো না। পর্যাপ্ত রাজস্ব আহরণ না হওয়ায় ঋণ পরিশোধের সক্ষমতা কমে গেছে। ফলে এ মুহূর্তে সরকারকে কর-রাজস্ব বাড়ানোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

এদিকে গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের মোট সরকারি ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

ঋণের পরিমাণ নয়, পরিশোধের সক্ষমতাই বড় উদ্বেগ

অর্থনীতিবিদদের মতে, একটি দেশের ঋণ পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে শুধু ঋণ-জিডিপি অনুপাত বিবেচনা করলেই প্রকৃত আর্থিক ঝুঁকি বোঝা যায় না। বরং সরকারের রাজস্ব আয়ের তুলনায় ঋণের আসল ও সুদ পরিশোধের দায় কতটা বড় হয়ে উঠছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। কারণ রাজস্বের বড় অংশ ঋণ পরিশোধে ব্যয় হলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থ বরাদ্দের সুযোগ কমে যায়।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজ বলেন, ‘দেখতে হবে, ঋণ পরিশোধের সক্ষমতার তুলনায় ঋণের দায় কতটা। মূলত এ জায়গাতেই বাংলাদেশের সক্ষমতা ক্রমেই সংকুচিত হয়ে আসছে, যা বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উঠে এসেছে। বিশেষ করে অভ্যন্তরীণ ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারের রাজস্ব আয়ের প্রায় সমপরিমাণ অর্থ ব্যয় হয়ে যাচ্ছে।’

বিদ্যমান পরিস্থিতিতে একদিকে রাজস্ব আহরণ বাড়ানো, অন্যদিকে ঋণের পরিমাণ ও ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি বলে মনে করেন তিনি। ড. মাসরুর রিয়াজ বলেন, ‘ঋণ নেয়া অর্থনীতির স্বাভাবিক বিষয়, সব দেশই উন্নয়ন ব্যয় ও অন্যান্য প্রয়োজনে ঋণ নেয়। তবে রাজস্ব আহরণে উল্লেখযোগ্য উন্নতি না আসা পর্যন্ত আগামী কয়েক বছর সরকারকে ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্ক ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে।’

সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে ঋণ পরিশোধের সক্ষমতা বজায় রাখা এবং রাজস্ব আহরণের ভিত্তি শক্তিশালী করা। করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতি ও ফাঁকি কমানো, কর প্রশাসনের দক্ষতা বাড়ানো এবং সরকারি ব্যয়ের অগ্রাধিকার পুনর্নির্ধারণ ছাড়া এ চাপ সামাল দেয়া কঠিন হবে।

অন্যথায় নতুন ঋণ নিয়ে পুরনো ঋণের দায় পরিশোধের প্রবণতা অব্যাহত থাকলে সরকারের আর্থিক স্বাধীনতা সংকুচিত হওয়ার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক ব্যয়েও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এই বিভাগ এর আরো খবর

ঈদগাঁওতে মহাসড়ক অবরোধের চেষ্টা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পেকুয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর