কক্সবাংলা রিপোর্ট :: প্রায় আট বছর আগে কক্সবাজারের উখিয়ার বালুখালী এবং কুতু্পালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল তারা।
১৭ অক্টোবর সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), নূর সাহিদা (২), শফিউল্লাহ (১৮), নূরনবী (১৫), বালুখালী ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), কলাতলীর ইমান আলী ওরফে ইসমাইল আজাদ (৪৮)।
বিজিবি জানায়, সকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-কচাকাটা সড়কে তারা ঘোরাঘুরি করছিল। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালী এবং কুতু্বপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল।
তারা ভারতের হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিল।
তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোয় অবস্থান করছে বলে জানা গেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল-হেলাল মাহমুদ জানান, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।














