শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে ঘিরে পশ্চিমা কূটনীতিকদের দৌড়ঝাঁপ

🗓 বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

👁️ ১০৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

👁️ ১০৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৮ জানুয়ারি) :: সারা দেশে বইছে নির্বাচনি উৎসবের আমেজ। নির্বাচন নিয়ে তৎপর ঢাকার কূটনৈতিক মিশনগুলো।

চলতি মাসে সরকারের সংশ্লিষ্ট মহল ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কূটনীতিকরা।

চীনসহ এশিয়া অঞ্চলের কূটনীতিকরাও দলীয় প্রধানদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।

কূটনীতিকদের চাওয়া, শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক উত্তরণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনকে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করবে বিদেশিরা।

আইনি কাঠামো, নির্বাচন পরিচালনা ব্যবস্থা, নির্বাচনি পরিবেশ এবং প্রার্থীদের আচরণে বিশেষ নজর রাখবে পর্যবেক্ষকরা।

তবে কূটনীতিকরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে।

এজন্য দফায় দফায় রাজনৈতিক দল ও সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন তারা।

সূত্র আরও জানায়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তার পরিণতি কী হয়, তা বিদেশিরা বুঝতে পেরেছেন।

পরিস্থিতি খারাপ হলে তার আঁচ তাদের গায়েও লাগে, ব্যবসা-বাণিজ্যসহ অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

প্রায় সব কটি দেশই মনে করে, বাংলাদেশে আগের মতো অস্থিরতা থাকলে চলবে না।

বাংলাদেশে স্থিতিশীলতা আসুক, এটা সবাই চায়। আর স্থিতিশীলতার সূচনা হতে হবে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে।

চলতি মাসে দায়িত্ব নিয়ে ঢাকায় এসেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড পেজে এক পোস্টে বলা হয়, আসন্ন নির্বাচন সম্পর্কে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।

যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও চলতি মাসে বিএনপি ও জামায়াত প্রধানদের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন।

হাইকমিশনার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী উৎসাহ পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকরা বড় দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তাদের নিজ নিজ দেশের আগ্রহের কথা জানান।

এদিকে চলতি সপ্তাহে নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

বৈঠকে কূটনীতিকরা কোনো পরামর্শ দেননি। তবে পোস্টাল ব্যালট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ছিল।

তাদের বলেছি, আমরা নিশ্চিতভাবে নিরাপত্তার ব্যবস্থা করব। যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে। ভোটটা দিতে পারে। ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার তিন দিন আগেই জেলাভিত্তিক পর্যবেক্ষক দল পাঠিয়েছ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

৫৬ জনের প্রতিনিধিদল দুজনের গ্রুপে ভাগ হয়ে তারা দেশের ৬৪টি জেলা পর্যায়ক্রমে পরিদর্শন করছেন। তারা বর্তমানে দেশের নানা প্রান্তে নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

নির্বাচন পর্যবেক্ষণে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ২০০ সদস্যের দল কাজ করবে।

এ ছাড়াও নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সিইসির সঙ্গে বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রদূত

গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার ইসি ভবনে আসছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিক এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর