শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল এরদোয়ান ও ফুটবলার মেসুত ওজিল

🗓 বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৯৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৯৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেছেন, ‘গত ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে আছে।’

রোহিঙ্গারা যাতে, যত দ্রুত সম্ভব নিজ জন্মভূমিতে ফিরতে পারে এলক্ষে আর্ন্তজাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে রোহিঙ্গাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ওই সময়ে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের যে আশ্রয় দিয়েছে তার জন্য সরকার ও জনগণকে ধন্যবাদ জানায়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে একদিনের সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারের পৌঁছায় তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।

এই প্রতিনিধি দলে তার সফরসঙ্গী রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

এ সময় কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ এন এম. সাজেদুর রহমান।

এরপর প্রতিনিধি দলটি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভা শেষে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে রওনা দেন।

প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপোজ অ্যাডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে।

ফুটবল ম্যাচ শেষে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।

একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।

প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কক্সবাজার থেকে রাতেই বিমানে ঢাকায় রওনা দেয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর