শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান

🗓 শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৪৩ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৪৩ বার দেখা হয়েছে

কুল কান্তি দাশ,চকরিয়া :: দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১০০ শয্যার এই হাসপাতালে বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছিল কর্তৃপক্ষকে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ভৌগোলিক কারণে মহেশখালী, কুতুবদিয়া, লামা ও আলীকদম- এই চার উপজেলার কেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে রোগীর চাপ থাকে শয্যা সংখ্যার তুলনায় চারগুণ।

এসব বিষয় বিবেচনায় নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে উত্তীর্ণ ৮ জন চিকিৎসক যোগদান করেছেন।

এ ছাড়াও একজন জুনিয়র কনসালটেন্ট বদলি হয়ে এখানে এসেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন।

এ সময় হাসপাতালের ডাক্তার, নার্স, স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা আমির হামজাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৮ জন নতুন চিকিৎসক যোগদান করেন।

তারা হলেন- ডা. মালিহা তাহসীন, ডা. আবদুল মোমেন, ডা. রাকিবুল ইসলাম, ডা. মিনহাজুল ইসলাম, ডা. সাগর দে, ডা. মিসকাত উদ্দিন আহমেদ মাহি, ডা. কাশেফ হোছাইন ও ডা. সামিয়া আলম। যোগদানের পর নবাগত চিকিৎসকদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখান ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন।

নতুন যোগদানকৃত চিকিৎসক ডা. মিসকাত উদ্দিন আহমেদ মাহি বলেন, আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা। নিজ এলাকায় যোগদান করতে পেরে খুব ভালো লাগছে। মানুষের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। এ সময় তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, হাসপাতালটি ১০০ শয্যার হলেও বর্তমানে ৫০ শয্যার জনবল ও সরঞ্জাম নিয়ে চলছে। এখানে চিকিৎসকের সংকট ছিল চরম।

সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হকের আন্তরিক প্রচেষ্টায় একসঙ্গে ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। আমাদের বিশ্বাস, নতুন চিকিৎসকদের নিয়ে আমরা রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা দিতে পারব।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর