মুকুল কান্তি দাশ,চকরিয়া :: বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামের এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
কিশোরীর আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আকরিদা জন্নাত (১০) স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদরাসার চতুর্থ শ্রেনীর ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আকরিদা জন্নাত মাদরাসায় যায়। মাদরাসা থেকে বাড়ি ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল।
এ সময় দোলনার উপরে থাকা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে শিশুটি।
তার সঙ্গে থাকা ভাশুরের মেয়ে মুক্তা জন্নাত (৯) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
দ্রুত চিকিৎসার জন্য হারবাং আজিজনগর ১ম গেইট এলাকায় অবস্থিত আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আইরিন অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের একটি মেয়ে ছিল। পড়ালেখায় মনোযোগী এই শিশুটি সবার সাথে হাসিমুখে কথা বলত।
তার অকাল মৃত্যুতে কেউ সহজে মেনে নিতে পারছেন না।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক দুর্ঘটনা।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলামের বলেন, দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ফাঁড়ি পুলিশের এসআই মোফাজ্জল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন।
শিশুটির পরিবারের দাবি এটি একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত করা হয়নি। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।













