সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভুক্ত আসামী এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ মে) জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশক্রমে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান। অভিযানে অংশ নেন এসআই সাইফুর রহমান, এসআই (নি:) উত্তম কুমার বড়ুয়া, এএসআই হানিফ মিয়া, এএসআই (নি:) আব্দুর রহিম ভূইয়া ও এএসআই (নি:) অমিত ভট্টাচার্য্যসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামীরা হলেন- মাতারবাড়ী মনহাজীর পাড়া এলাকার মৃত রফিক উদ্দিনের পুত্র মোঃ আজিজুল হক, মহেশখালীর পৌরসভার দক্ষিণ পুটিবিলা, দাসিমাঝির পাড়া এলাকার আব্দুল করিমের পুত্র আরিফুল ইসলাম, একই এলাকার আব্দু শুক্কুরের পুত্র রশিদ উল্লাহ (প্রঃ উল্লাহ), শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার শামশুল আলমের পুত্র হেলাল উদ্দিন, একই এলাকার মৃত পেটান আলীর পুত্র মোক্তার আহমদ, উকিল আহমদের পুত্র গিয়াস উদ্দিন, মৃত মোঃ হোছনের পুত্র নুরুল কবির, শাপলাপুর জামিরছড়ি এলাকার গোলাম হোছাইনের পুত্র গিয়াস উদ্দিন, মনিপুর এলাকার লাল মিয়ার পুত্র নাজিম উদ্দিন (প্রঃ মনিয়া)।
এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয় কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকার মৃত ওমর আলীর পুত্র নুরুল কবির (প্রঃ নুর কবির)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩, বৈদেশিক কর্মসংস্থান আইন, পেনাল কোডের বিভিন্ন ধারা এবং সার্টিফিকেট মামলার পরোয়ানা ছিল।
গ্রেফতারের পর আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহেশখালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













