কক্সবাংলা রিপোর্ট :: চলমান এসএসসি-২০২৬ পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চক্রের অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদ (১৭) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সালাহউদ্দিন স্বীকার করে, সে পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করত এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত।
নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে সে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার আগের রাতে সরবরাহের আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত।
অর্থ লেনদেনের জন্য সে বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করত।
টাকা পাওয়ার পরপরই সে ভুক্তভোগীদের ব্লক করে দিয়ে প্রতারণা সম্পন্ন করত।
গ্রেফতারকৃত সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সদর এলাকার বাসিন্দা।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং এ ধরনের গুজব ও ডিজিটাল প্রতারণা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।













