দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তজুড়ে মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার ৮ মে ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
র্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, পালংখালীর পূর্ব ফারির বিল এলাকায় একটি বাঁশঝাড়ের ভেতরে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ তালিকার মাধ্যমে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ আরও জানায়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তজুড়ে মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।














