দীপন বিশ্বাস :: কক্সবাজারে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব জানায়, গত রবিবার রাত ১১টায় কক্সবাজার সদর থানা এলাকা খুরুশকুলের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) একটি বাড়িতে অভিযান চালিয়ে গোপন স্থানে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জড়িত এক নারীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সিপিএসসি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের ঠিকানা নিশ্চিত করেন।
অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং নারী আসামি জেসমিন আক্তার জুই (২২)কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেসমিন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার মৃত রশিদ আহমেদের কন্যা ও জাহিদ হোসেন (ওরফে মিজান)-এর স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন স্বীকার করেন যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
মামলা রুজু করে জব্দকৃত আলামত হস্তান্তরসহ তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব জানিয়েছে।













