বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিওআরআই-এর বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপন বিষয়ক সেমিনার সম্পন্ন

🗓 মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

👁️ ৯৯ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

👁️ ৯৯ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) এর উদ্যোগে সফলভাবে বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপন বিষয়ক দুদিনব্যাপী সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯-২০ ডিসেম্বর বিওআরআই সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার প্রথিতযশা বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞবৃন্দ অংশগ্রহণ করেন।

সেমিনারটি সামুদ্রিক গবেষণা ক্ষেত্রে জ্ঞান বিনিময়, গবেষণার অগ্রগতি উপস্থাপন এবং ভবিষ্যৎ গবেষণা ও নীতিনির্ধারণে দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯ ডিসেম্বর সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনা করতে হলে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য এবং এ ক্ষেত্রে বিওআরআই একটি কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-র সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।

তিনি সমুদ্রবিজ্ঞান গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিওআরআই এর মহাপরিচালক কমডোর মোঃ মিনারুল হক।তিনি তাঁর স্বাগত বক্তব্যে বিওআরআই-এর চলমান গবেষণা কার্যক্রম, ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি এবং ব্লু ইকোনমি বাস্তবায়নে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরেন।

প্রথম দিনে দুটি কারিগরি অধিবেশনে মোট ৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

টেকনিক্যাল সেশন-১ এ বাংলাদেশের উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলের সেডিমেন্ট প্রক্রিয়া, খনিজ সম্ভাবনা, সম্ভাব্য মৎস্য আহরণ এলাকা নির্ধারণ, উপকূলীয় ক্ষয় প্রতিরোধ এবং উপকূলীয় পানিতে পুষ্টি উপাদান ও ইউট্রোফিকেশন সংক্রান্ত গবেষণা উপস্থাপন করা হয়।

প্রতিটি গবেষণা উপস্থাপনার পর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন।

টেকনিক্যাল সেশন-২ এ সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, বিশেষ করে অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপের হ্যাচিং পরিস্থিতি, সমুদ্রের অম্লতা পরিবর্তন এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ম্যাক্রো ও মাইক্রো প্লাস্টিক দূষণের বিস্তার ও প্রভাব সংক্রান্ত গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। অধিবেশন শেষে সেশন চেয়ার গবেষণাগুলোর সারসংক্ষেপ ও সুপারিশ উপস্থাপন করেন।

২০ ডিসেম্বর দ্বিতীয় দিনে আরও দুটি কারিগরি অধিবেশনে ৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

টেকনিক্যাল সেশন-৩ এ সামুদ্রিক শৈবালের জেনেটিক ও জৈব রাসায়নিক বিশ্লেষণ, মোহনা অঞ্চলের ফাইটোপ্ল্যাঙ্কটন সম্প্রদায়, এবং সামুদ্রিক জীব থেকে ক্যান্সারবিরোধী ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আহরণ সংক্রান্ত গবেষণা উপস্থাপিত হয়।

টেকনিক্যাল সেশন-৪ এ বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব উপকূলে তরঙ্গ ও জোয়ার-ভাটার শক্তির সম্ভাবনা, নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহার করে লবণের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধি, জেলিফিশের জৈবপ্রযুক্তিগত সম্ভাবনা এবং উপকূলীয় অঞ্চলের পানি ও সেডিমেন্টে তেল-গ্রিজ দূষণ সংক্রান্ত গবেষণা উপস্থাপন করা হয়।

দ্বিতীয় দিনের বিকেলে সমাপনী অনুষ্ঠানে “Marine Crabs of Bangladesh” নামক একটি নতুন গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন এবং “Bangladesh Journal of Oceanography (BJO)”-এর প্রথম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই জার্নালকে দেশের সমুদ্রবিজ্ঞান গবেষণার জন্য একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকাশনা মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এরপর প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।

তিনি বলেন, এই সেমিনারে উপস্থাপিত গবেষণাগুলো নীতিনির্ধারণ, ব্লু ইকোনমি বাস্তবায়ন এবং টেকসই সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সমাপনী সেমিনারেও বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বক্তব্য রাখেন । তিনি তাঁর বক্তব্যে বিওআরআই-এর বিজ্ঞানীদের উপস্থাপিত গবেষণা ফলাফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন এবং গবেষণাসমূহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন।

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিওআরআই এর মহাপরিচালক কমডোর মোঃ মিনারুল হক।

পরে সেশন চেয়ার, বিশেষ অতিথি ও প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান, সমাপনী ঘোষণা এবং গ্রুপ ছবি তোলার মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট-এর “বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপন বিষয়ক সেমিনার ২০২৫” দেশের সমুদ্রবিজ্ঞান গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই সেমিনারে উপস্থাপিত গবেষণা ফলাফল ভবিষ্যতে বাংলাদেশের ব্লু ইকোনমি, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং টেকসই সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর