কামাল শিশির, রামু :: কক্সবাজার জেলায় এক দিনের ব্যবধানে সড়ক ও রেলপথে একের পর এক দুর্ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু-কিশোর ও একই পরিবারের চার সদস্য রয়েছেন।
সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম ইকবাল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ নিয়ে জেলাজুড়ে সড়ক ও রেলপথে ধারাবাহিক প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার ভোর ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ইকবাল রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নুনাছড়ি গ্রামের আবদুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী তামিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত রামু ও কক্সবাজার সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারান আরও ছয়জন। এর মধ্যে রামুর অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চার সদস্য এবং পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
এসব দুর্ঘটনার মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে। শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে একই পরিবারের চারজন নিহত হন।
নিহতরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তাঁর বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সী ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সী শিশুকন্যা মাশ্রুফা।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। কাটিরমাথা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যদের হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে নেই কোনো গেট কিংবা গেটম্যান। এর পাশাপাশি রেললাইনের দুই পাশে বড় বড় গাছ থাকায় সড়ক থেকে ট্রেন আসার বিষয়টি চালকদের পক্ষে সহজে দেখা সম্ভব হয় না। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই রেলক্রসিং পারাপার হতে হচ্ছে যানবাহন ও পথচারীদের।
একই দিন সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম হাসান (১৬) নামের এক কিশোর নিহত হন। তিনি রত্নাপালং এলাকার নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নাদিম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। বাসটি শনাক্ত করা সম্ভব হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহেশখালী উপজেলায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে সামনে চলে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই যুবকের মৃত্যু হয় এবং আহত হন আরও একজন।
নিহতরা হলেন কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন (২৪) এবং একই এলাকার আব্দুস ছালামের ছেলে সৌদি আরবফেরত ইকবাল (২৫)। আহত মোহাম্মদ কাইয়ুমের (২৪) বাড়িও একই এলাকায়।
একই সময়ের মধ্যে এসব দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা কক্সবাজারের সড়ক ও রেলপথের নিরাপত্তাব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে অরক্ষিত রেলক্রসিং, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালানো এবং সড়কে প্রাণীর অবাধ চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনা প্রতিরোধে অরক্ষিত রেলক্রসিংগুলোতে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগ, ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক সংকেত স্থাপন, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কার্যকর করা জরুরি। অন্যথায় এভাবে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটতেই থাকবে।













