কক্সবাংলা ডটকম :: প্রথমবারের মতো চীন সফরে গিয়ে বেইজিংয়ের কাছ থেকে শীতল ও অনেকটা অবজ্ঞাপূর্ণ অভ্যর্থনা পেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
তবে কূটনৈতিক অঙ্গনে চীনের এমন আচরণ জাপানে তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল করার পরিবর্তে উল্টো রক্ষণশীল ও জাতীয়তাবাদী সমর্থকদের আরও ঐক্যবদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে যান তাকাইচি।
তাইওয়ান ইস্যুতে গত বছর তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে এশিয়ার দুই প্রভাবশালী দেশ চীন ও জাপানের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এটিই ছিল জাপানের প্রধানমন্ত্রীর প্রথম সরাসরি সাক্ষাৎ।
তাইওয়ানকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয় তাকাইচির একটি মন্তব্য থেকে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, চীন যদি তাইওয়ানে সামরিক হামলা চালায়, তাহলে জাপানও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। তাঁর এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বেইজিং জাপানের বিরুদ্ধে বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে। একই সঙ্গে চীনা নাগরিকদের জাপান ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করা হয়।
এমন তিক্ত কূটনৈতিক পরিস্থিতিতে তাকাইচির চীন সফর থেকে বড় কোনো অগ্রগতির প্রত্যাশা ছিল না বলে মনে করেন নাগোয়া ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক নোরিয়ুকি কাওয়ামুরা।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থায় এই সফর থেকে উল্লেখযোগ্য কিছু অর্জনের সুযোগ ছিল না। বাস্তবেও চীন-জাপান সম্পর্কের ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সফরের শুরু থেকেই চীনের শীতল মনোভাবের বিষয়টি আলোচনায় আসে। অ্যাপেক সম্মেলনের ফাঁকে সি চিন পিংয়ের সঙ্গে কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ পাননি তাকাইচি। শেনজেন বিমানবন্দরে পৌঁছানোর পর অন্যান্য বিশ্বনেতার মতো তাঁকে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতায় স্বাগত জানানো হয়নি। বরং অপেক্ষাকৃত নিম্নপদস্থ কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।
এ ছাড়া উড়োজাহাজ থেকে নামার সময় দরজা ও সিঁড়ির মধ্যে অস্বাভাবিক দূরত্ব থাকায় তাঁকে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন, জাপানের প্রধানমন্ত্রীকে বিব্রত করতেই চীন পরিকল্পিতভাবে এমন ব্যবস্থা রেখেছিল।
তবে জাপান সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা শুক্রবার সাংবাদিকদের জানান, সিঁড়ির দূরত্বের বিষয়টি জাপানি কর্তৃপক্ষ আগে থেকেই জানত। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করায় প্রধানমন্ত্রী নিরাপদেই উড়োজাহাজ থেকে নামতে পেরেছেন।
দুই দিনের সম্মেলনে সি চিন পিংয়ের আচরণেও উষ্ণতার ঘাটতি ছিল বলে পর্যবেক্ষকদের মত। তিনি তাকাইচির সঙ্গে দুবার করমর্দন করেন। প্রথমবার করমর্দন ছিল খুবই সংক্ষিপ্ত। দ্বিতীয়বার প্রায় ১০ সেকেন্ড ধরে হাত মেলান দুই নেতা। এ সময় তাকাইচিকে হাসিমুখে কথা বলতে দেখা গেলেও সি চিন পিংয়ের মুখে তেমন কোনো অভিব্যক্তি ছিল না।
তবে চীনের এই শীতল আচরণ জাপানের অভ্যন্তরীণ রাজনীতিতে তাকাইচির জন্য উল্টো ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অধ্যাপক নোরিয়ুকি কাওয়ামুরার মতে, তাকাইচির সমর্থকেরা বিষয়টিকে এমনভাবে দেখছেন যে, চীনের অবজ্ঞার মুখেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং মর্যাদা বজায় রেখেই সি চিন পিংয়ের সঙ্গে দুবার করমর্দন করেছেন।
টোকিও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ইউ উচিয়ামাও মনে করেন, এই ঘটনা তাকাইচির জনপ্রিয়তায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। তাঁর মতে, এক বছর আগে তাইওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরও তাকাইচির জনপ্রিয়তা কমেনি। এবার চীনের পক্ষ থেকে তাঁকে যেভাবে শীতল অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে তাঁর অনুগত সমর্থকেরা বরং বেইজিংয়ের প্রতি আরও ক্ষুব্ধ হতে পারেন।
এদিকে অ্যাপেক সম্মেলন শেষ হওয়ার এক দিন পরও তাইওয়ান ইস্যুতে জাপানের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাইওয়ান নিয়ে জাপানের ‘ভুল বক্তব্য ও কর্মকাণ্ড’ সংশোধন করাই এখন টোকিওর সবচেয়ে জরুরি কাজ।
অন্যদিকে জাপানের অভ্যন্তরীণ সমালোচকেরা তাকাইচির এই সফরকে তাঁর কূটনৈতিক দক্ষতার সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক অঙ্গনে জাপানের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরছেন। সম্মেলনের গ্রুপ ছবি তোলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিঠে হাত রেখে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তাকাইচি। কিন্তু ট্রাম্প তাঁকে এড়িয়ে সি চিন পিংয়ের সঙ্গে হেঁটে চলে যান—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ছাড়া সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের আন্তর্জাতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের মন্তব্য, বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় জাপানকে আর আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না।
এক্সে (সাবেক টুইটার) একজন লিখেছেন, ‘জাপান কবে থেকে এত লজ্জাজনক দেশে পরিণত হলো? পুরো বিশ্ব আমাদের নিয়ে হাসছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘জাপানের মিত্রদেশের নেতা ট্রাম্প যেভাবে তাকাইচিকে এড়িয়ে গেলেন, তা অত্যন্ত বিব্রতকর। তিনি কতটা অজনপ্রিয় হলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন?’
তবে অধ্যাপক ইউ উচিয়ামার মতে, জাপানের জনগণের মধ্যে বিদেশিদের প্রতি ক্রমবর্ধমান অবিশ্বাসের কারণে আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে এসব সমালোচনা খুব বেশি প্রভাব ফেলবে না। বরং দেশের অভ্যন্তরীণ ইস্যুগুলোই তাকাইচির রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে।
অতিরিক্ত পর্যটকের চাপ, বিদেশি বিনিয়োগের কারণে জমির মূল্যবৃদ্ধি এবং অভিবাসনসংক্রান্ত উদ্বেগ জাপানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকাইচি ভিসানীতি আরও কঠোর করার উদ্যোগ নিয়েছেন। ফলে অভিবাসনবিরোধী ও রক্ষণশীল ভোটারদের মধ্যে তাঁর প্রতি সমর্থন বাড়ছে।
বিশ্লেষকদের ধারণা, চীনের মাটিতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণকে দেশটির সাধারণ মানুষ জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবেও দেখতে পারেন। তাঁদের কেউ কেউ মনে করতে পারেন, নিজের দেশের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া একজন নেতাকে বিদেশের মাটিতে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? ফলে চীনের কূটনৈতিক শীতলতা শেষ পর্যন্ত তাকাইচির অভ্যন্তরীণ রাজনৈতিক ভিত্তিকে আরও মজবুত করার অনুঘটক হয়ে উঠতে পারে।













