রোতাব চৌধুরী :: কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসটিআই কক্সবাজারের সহায়তায় অবৈধ তেল মজুদকারী ও ওজনে কম প্রদানকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার উখিয়া উপজেলার বি়ভিন্ন এলাকার ফিলিং স্টেশনে বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলমান এই মোবাইল কোর্টে ৪টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।
অভিযানকালে কুতুপালং এ চৌধুরী এলপিজি ফিলিং স্টেশন ও কনভার্সন সেন্টারে একটি অকটেন ডিসপেনসিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটারে ১৭০ মি.লি. কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পালংখালী ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন কর্তৃক ডিজেল তেল মজুদ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মরিচ্যা চৌধুরী ফিলিং স্টেশন কর্তৃক ডিজেল ও অকটেন তেল মজুদ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান এবং একটি ডিজেল ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৫০ মি.লি. কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে দুটি পৃথক মামলা দায়ের করা হয় এবং মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজারের কর্মকর্তা সজীব চৌধুরী, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় বিএসটিআই।














