বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া উপকূলে নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে মাছ শিকার

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: সাগরে মাছ ধরার ওপর সরকারের আরোপিত ৫৫ দিনের নিষেধাজ্ঞা কার্যত উপেক্ষিত হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে।

স্থানীয় মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের চোখের সামনেই পশ্চিম বঙ্গোপসাগরে চলছে অবাধ মাছ শিকার।

প্রশাসনের রহস্যজনক নীরবতায় জেলেদের একটি বড় অংশ প্রকাশ্যেই অমান্য করছে সরকারি নির্দেশনা।

অভিযোগ উঠেছে, একদিকে বন্ধকালীন সময়ে সরকারি প্রণোদনার চাল নিতে চলছে প্রতিযোগিতা, অন্যদিকে একই সময়ে কাছের ও গভীর সাগরে মাছ ধরতেও চলছে সমান তৎপরতা।

ফলে সরকারের সংরক্ষণ উদ্যোগ ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্য প্রশ্নের মুখে পড়েছে।

বুধবার ও বৃহস্পতিবার বিকেলে বড়ঘোপ সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে একের পর এক মাছ ধরার নৌকা তীরে ফিরছে।

নৌকাগুলো থেকে নামানো হচ্ছে লইট্টা, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। স্থানীয় বাজারগুলোতেও মিলছে এসব মাছ, আর চাহিদা বেশি থাকায় দামও রাখা হচ্ছে চড়া।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, “নিষেধাজ্ঞা আছে শুধু কাগজে-কলমে। প্রতিদিন শত শত জেলে সাগরে যাচ্ছে। প্রশাসনের কেউ দেখেও না দেখার ভান করছে।”

জেলেদের একটি অংশের অভিযোগ, কিছু প্রভাবশালী নেতা ও অসাধু সিন্ডিকেটের ছত্রচ্ছায়ায় নিয়মিত সাগরে যাচ্ছে মাছ ধরার নৌকা।

অবৈধ সুবিধা ও প্রভাব খাটিয়ে তারা নির্বিঘ্নে মাছ শিকার চালিয়ে যাচ্ছে। ফলে প্রকৃত জেলেরা যেমন বৈষম্যের শিকার হচ্ছেন, তেমনি সামুদ্রিক সম্পদও হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রসহকারী এরফান উদ্দিন বলেন, “জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোস্ট গার্ডের প্রয়োজনীয় সহযোগিতা ছাড়া দ্বীপ উপকূলের পশ্চিম অংশে অভিযান চালানো প্রায় অসম্ভব।তবে অভিযোগের বিষয়ে কোস্ট গার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের প্রশ্ন, সরকারের কঠোর নিষেধাজ্ঞা চলাকালে যদি প্রকাশ্যে মাছ ধরার এমন উৎসব চলতে পারে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা কোথায়?

আর প্রশাসনের এই নীরবতা কি কেবল দায়িত্বহীনতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য শক্তির প্রভাব?

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর