কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, পরিধেয় কাপড় ও একটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৬ মে) রাত ১১টার দিকে কক্সবাজার সদরের নাজিরাটেক সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা বোটটি চরে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৪৯০ বস্তা সিমেন্ট, ২ বস্তা পরিধেয় কাপড় এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করে।
জব্দকৃত মালামাল ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে আরও জানানো হয়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













