নাজিম উদ্দিন, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া পৌরসভার প্রস্তাবিত ৩ নম্বর ওয়ার্ডের বাইম্যাখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি পূর্ব গোঁয়াখালী এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বাইম্যাখালী বড় কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক শাহ জামাল বলেন, মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলেজগেইট চৌমুহনীর দিকে যাওয়ার সময় তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেন।
সে সময় রিফাত হাসান জয় একটি ফুলগাছের ডালের ওপর দাঁড়িয়ে ওয়াইফাই সংযোগের তার টানছিলেন। গাছের নিচে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করছিলেন তার ছোট ভাই সাবিদ।
গাছের পাশ দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের লাইন চলে গেছে।
তিনি আরও জানান, অসতর্কতাবশত গাছের একটি ডাল বিদ্যুতের তারের সংস্পর্শে এলে জয় বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রায় দুই থেকে তিন মিনিট পর তিনি গাছ থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।
আমি দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহ জামাল বলেন, পুরো ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছে। প্রথমে জয়য়ের ছোট ভাই বুঝতে পারেনি যে গাছটি বিদ্যুতায়িত হয়ে গেছে।
জয় নিচে পড়ে যাওয়ার পর বিষয়টি তার নজরে আসে। রিফাত আমার প্রতিবেশী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান বলেন, বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর শুনেছি।














