আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একটি পুরাতন জিপ গাড়ি (স্থানীয়ভাবে পরিচিত চাঁন্দের গাড়ি) থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মো. জাকারিয়া (২৪) নামে এক গাড়িচালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় ব্রিকফিল্ডের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি পুরাতন জিপ গাড়িতে করে মাদকদ্রব্য নিয়ে ছেরারকুল হয়ে নাইক্ষ্যংছড়ি বাজারের দিকে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে বিছামারা এলাকায় ব্রিকফিল্ডের সামনে সড়কে গাড়িটিকে থামানোর সংকেত দেয় পুলিশ।
পরে গাড়িচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়। আটক চালক মো. জাকারিয়া (২৪), তিনি নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছেরারকুল এলাকার বাসিন্দা।
তার পিতা মো. রফিক ও মাতা নাছিমা আক্তার।
পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে পেছনে রাখা অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ও গাড়িটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতসহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।














