হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফের হ্নীলা এলাকায় আত্মগোপনে রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে ১ মে সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ মডেল থানার আওতাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে পলাতক ওই আসামি মোঃ আব্দুল খালেক ওরফে খালেদ মাহমুদ সুজন (২৪)-কে আটক করা হয়।
তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালী গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) বাসিন্দা। তার পিতার নাম মৃত সুলতান আহম্মেদ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সুজন চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালতের রায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
অর্থদণ্ড অনাদায়ে তার আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













