দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক এপিবিএন পুলিশ কনস্টেবল ও এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি)।
শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ এপিবিএন-এ কর্মরত কনস্টেবল সজিব বেপারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সজিব বেপারীর বহন করা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সজিব বেপারীর বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।
এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন।
কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।














