রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট থেকে ২৮জন নারী, পুরুষ ও শিশু উদ্ধার

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিতে মাছ ধরার ট্রলারে উঠার পর টানা ৮ দিন সাগরে ভেসেছেন ৭২ জন নারী, পুরুষ ও শিশু।

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ১২ নভেম্বর ছোট নৌকায় করে তাঁদের সাগরে থাকা বড় ট্রলারে তুলে দেয়া হয়।

পরে ট্রলারের মাঝিমাল্লা ও মানবপাচারকারি চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিলে পাচার হতে যাওয়া সেই যাত্রীদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দেয়া হয়েছে।

মানব পাচারকারিরা ট্রলারটি তীরে ভিড়িয়ে দিয়ে পালিয়ে গেছেন।

এই ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একটি শিশু, দুইজন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন।

তবে ট্রলারে থাকা অন্য যাত্রীদের অনেকেই বিভিন্ন দিকে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন উদ্ধার হওয়া লোকজন। ধারণা করা হচ্ছে, মালয়েশিয়া যাত্রার স্বপ্ন দেখা এই মানুষ গুলো টানা ৮ দিন সাগরে ভেসেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১ টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়া নেয়ার কথা বলে তাঁদের ট্রলারে তোলা হলেও মাঝপথে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে তীরে ভিড়িয়ে দিয়ে তাঁরা পালিয়ে গেছেন।

সংশ্লিষ্টদের মতে, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেয়া হয়।

এরপর থেকে মালয়েশিয়াগামী ৭২ জন যাত্রী ওই ট্রলারে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও ছিল।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদের সাগরে থাকা বড় ট্রলারে তুলে দেয়া হয়।

এরপর টানা কয়েকদিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয় তাঁদের। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়।

তিনি জানান, একপর্যায়ে বিরোধের জেরে ট্রলারটি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের কাছে নিয়ে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ট্রলার থেকে নেমে পালিয়ে যান।

ওই সময় ট্রলারে থাকা দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

ইলিয়াসের ভাষ্যমতে, ট্রলারে মোট ৭২ জন নারী, পুরুষ ও শিশু ছিলেন। তাঁদের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে, ট্রলার থেকে নেমে অনেকে বিভিন্ন দিকে চলে যান।

মানবপাচারের হোতা আব্দুল আমিন:

এদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, তিনি এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখা হয়। পরে রাতের আঁধারে মাছ ধরার ছোট নৌকায় সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেয়া হয়। এই কাজে আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা দাবি করছেন, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে অপহরণ, মাদক ও মানবপাচারসংক্রান্ত অভিযোগও রয়েছে।

অপরদিকে, টেকনাফ সদর ইউনিয়নের আন্তর্জাতিক মানবপাচারী সাইফুল ইসলাম (দাঁড়িওয়ালা), শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল, মোঃ আব্দুল্লাহসহ আরো ২০-৩০ জনের একটি বড় সিন্ডিকেট হয়েছে।

এ ঘটনায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার নামে মানবপাচারকারী চক্রের তৎপরতা এবং নারী-শিশুসহ যাত্রীদের জীবনঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা, ট্রলারে থাকা বাকি যাত্রীদের অবস্থান নিশ্চিত করা এবং মানবপাচার চক্রের নেপথ্যের হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া জরুরি।

এই বিভাগ এর আরো খবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর