রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েলিংটন টেস্টে চালকের আসনে ভারত : টপ অর্ডার ব্যাটারদের দাপটে ভাঙল ৯৪ বছরের রেকর্ড

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ওয়েলিংটন টেস্টে চালকের আসনে ভারত। নিউ জ়িল্যান্ডের বোলারদের দিশেহারা করে তৃতীয় দিনে ম্যাচে রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিল ভারতীয় দল। নতুন বল নিয়ে একের পর এক পরিকল্পনা বদলেছে কিউয়ি শিবির।

কখনও বোলিংয়ের অ্যাঙ্গল বদল, কখনও ফিল্ডিং সাজানোয় পরিবর্তন— কিন্তু ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রথম ইনিংসে নিউ জ়িল্যান্ডের ৩৬৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ভারতের স্কোর ৪৮৬/৪। অর্থাৎ, ১১৮ রানে এগিয়ে গিলের দল।

ভারতের কাছে দিনের বড় প্রাপ্তি কেএল রাহুলের ১৩৬ রানের ইনিংস। লড়াকু ৮০ রান এসেছে দেবদত্ত পাডিক্কলের ব্যাট থেকে। মাত্র দু’রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন অধিনায়ক শুবমান গিল। চোট সারিয়ে টেস্ট দলে ফিরে ঝোড়ো হাফ সেঞ্চুরিতে চেনা ছন্দে ঋষভ পন্থ।

দিনের শুরু থেকেই ধৈর্য ধরে ব্যাটিং করেছেন রাহুল ও দেবদত্ত পাডিক্কাল। কিউয়ি বোলাররা অনেক পরিকল্পনা করলেও দুই ব্যাটারকে সমস্যায় ফেলতে পারেননি। অবশেষে একটি দারুণ ডেলিভারিতে পাডিক্কলকে বোল্ড করে সেই জুটি ভাঙেন কাইল জেমিসন।

১৭৫ বলে ৮০ রান করে ফেরেন তিনে নামা এই ব্যাটার। তবে রাহুলের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়ে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে যান তিনি।

ক্রিজ়ে আসেন শুবমান গিল। ভারতের স্কোর তখন ২৯৫/২, নিউ জ়িল্যান্ডের থেকে পিছিয়ে ৭৩ রানে। তবে রাহুলের মতো ধৈর্য ধরে খেলার বদলে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে কিউয়ি বোলারদের উপরে পাল্টা চাপ তৈরি করেন ভারতের অধিনায়ক। এক প্রান্ত আগলে ব্যাটিং করে যান রাহুল।

গিলের সঙ্গে জুটি বেঁধে ৯১ রান করার পর নাথান স্মিথের বলে ১৩৬ রানে আউট হন তিনি। ২৯০ বল খেলে, সাত ঘণ্টারও বেশি সময় ক্রিজ়ে কাটিয়ে ভারতকে বড় লিডের পথে এগিয়ে দেন।

সেঞ্চুরি হাতছাড়া গিলের

রাহুল ফেরার পরেও গিলের আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত ছিল। ৬৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন গিল। মনে হচ্ছিল, তিনিও সেঞ্চুরি করে ফেলবেন। কিন্তু শেষ ল্যাপে খেই হারান গিল। আট ওভারেরও বেশি সময় কাটান নব্বইয়ের ঘরে। তবে তিন অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। ৯৮ রানে তাঁকে আউট করেন জ্যাকব ডাফি। ১৪৬ বল খেলে মাত্র দু’রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করার হতাশা স্পষ্ট ছিল গিলের চোখেমুখে।

প্রত্যাবর্তনেই ঝড় পন্থের

তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল ঋষভ পন্থের প্রত্যাবর্তন। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। তাই পাঁচে নেমে প্রথম দিকে বেশ সাবধানে ব্যাটিং করছিলেন। প্রথম ১৫ রান করতে সময় নেন ৩৭ বল। এর পরে চেনা আক্রমণাত্মক মেজাজে ফিরে আসেন পন্থ। কিউয়ি পেসারদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলেন তিনি। ইনিংসের ১২১তম ওভারে ডাফিকে পরপর দু’টি ছক্কা ও একটি চার মারেন পন্থ।

৫৫ রানে অপরাজিত তিনি। নাইটওয়াচম্যান হিসেবে সঙ্গে আছেন অংশুল কম্বোজ। দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬-৪। সব মিলিয়ে তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতেই।

এই বিভাগ এর আরো খবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর