রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবপাচারকারী একটি চক্র সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রেখেছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হয়।
তবে অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাঁরা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবপাচার প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।













