কক্সবাংলা রিপোর্ট :: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সহায়তা কার্যক্রমের উদ্যোগ নেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আয়োজিত এই সহায়তা বিতরণ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদানকালে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা অত্যন্ত মর্মস্পর্শী।
এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও সচেতন অংশের এগিয়ে আসা প্রয়োজন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে তিনি জেলেদের জীবন-জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, নাফ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় জেলেরা চরম দুর্ভোগে পড়েছেন।
তাদের স্বাভাবিক জীবিকা নিশ্চিত করতে দ্রুত নদী উন্মুক্ত করার দাবি জানান তিনি।
এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পুনর্বাসন কার্যক্রম গ্রহণের আহ্বানও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমীর মো. হোসাইন, হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মাহমুদসহ অন্যান্য নেতারা।














