দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কের ইনানী এলাকায় লেনদেনের সময় ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটক ব্যক্তি বোরহান উদ্দিন (২৪)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মঙ্গলবার মধ্যরাতে মেরিন ড্রাইভ সংলগ্ন শফিরবিল এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন তথ্য পেয়ে কোস্ট গার্ড সেখানে অভিযান চালায়।
অভিযান টের পেয়ে ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হয়, অন্যরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে মেরিন ড্রাইভ সংলগ্ন জঙ্গলে ফেলে রাখা কয়েকটি বস্তা উদ্ধার করা হয়।
বস্তাগুলো খুলে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
আটক মাদক কারবারির বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।














