রোতাব চৌধূরী :: “মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬” উদ্যাপন উপলক্ষ্যে কক্সবাজারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবার মহান মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ” সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত ” এবং
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের প্রতিপাদ্য ” মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি,শোভন কর্মপরিবেশ গড়ি”।
শুক্রবার জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবস দু’টির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মো: শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহিদুল আলম,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাফিস ইনতেসার নাফির সঞ্চালনায় অনুষ্ঠিত এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মো: মোর্তজা মোর্শেদ।
এ সময বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে জাতীয় উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে।
এছাড়া দিবসটি উপলক্ষে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
পরে কক্সবাজার জেলার ৭ জন শ্রমিককের পরিবারকে চিকিৎসা সহায়তা ও তাদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।













