রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্-গণি রেস্টুরেন্টের খাবার খেয়ে ৩০ পর্যটক অসুস্থ : যৌথ অভিযানে জরিমানা

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার শহরের বহুল পরিচিত আল্-গণি রেস্টুরেন্টে খাবার খেয়ে অন্তত ৩০ জন পর্যটক অসুস্থ হওয়ার ঘটনায় শনিবার (১৬ মে) বিকেলে প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এসময় রেস্টুরেন্টটির সুগন্ধা পয়েন্ট শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, শুক্রবার রাতে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষা সফরে কক্সবাজারে আসা একটি পর্যটক দলের ৩০ জন সদস্য আল্-গণি রেস্টুরেন্টের সুগন্ধা পয়েন্ট শাখায় রাতের খাবার গ্রহণ করেন।

খাবারের তালিকায় ছিল বারবিকিউ।

খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই একে একে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ জানান, অভিযোগের ভিত্তিতে আল্-গণি রেস্টুরেন্টে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে খাবার প্রস্তুতকরণ স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তানবী জান্নাত বলেন, “রাত সাড়ে ১১টার পর থেকে আক্রান্ত পর্যটকরা হাসপাতালে আসতে শুরু করেন।

বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ নিয়ে মোট ৩০ জন চিকিৎসা নিয়েছেন। প্রাথমিকভাবে এটি ফুড পয়জনিং বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, কয়েক ঘণ্টার পর্যবেক্ষণ ও চিকিৎসার পর শনিবার দুপুরের দিকে অধিকাংশ পর্যটকের শারীরিক অবস্থার উন্নতি হলে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আব্দুল মোমিন বলেন, “আমাদের কলেজ থেকে ১৩০ জনের একটি দল শিক্ষা সফরে কক্সবাজারে এসেছে।

এর মধ্যে ৩০ জন আল্-গণিতে বারবিকিউ খেয়েছিলেন। কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।”

এ ঘটনায় পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী পর্যটক মশিউর রহমান পর্যটন নগরী কক্সবাজারের রেস্টুরেন্টগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি জোরদারের দাবি জানান।

তবে আল্-গণি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তারা দাবি করেছে, তাদের পরিবেশিত বারবিকিউ নয়; বরং সৈকত এলাকায় অন্য কোনো খাবার খেয়ে পর্যটকরা অসুস্থ হয়েছেন।

এদিকে একইদিন কক্সবাজারের হোটেল সি প্যালেসের একটি রেস্টুরেন্টেও অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর