রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা : জেলা পরিষদ প্রশাসকের সফর ঘিরে দ্বীপবাসীর প্রত্যাশা

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎দীর্ঘদিনের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং ন্যূনতম সেবার অভাবে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন জনদুর্ভোগের আরেক নাম হয়ে উঠেছে।

এমন বাস্তবতায় আজ ১৭ মে রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক, কুতুবদিয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান।

‎তাঁর এই সফরকে ঘিরে সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার হলেও ক্ষোভও কম নয়।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসক থাকেন না নিয়মিত, জরুরি বিভাগে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত চিকিৎসা পান না। বিশেষ করে নারী ও শিশু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের।

‎দ্বীপবাসীর দাবি, কাগজে-কলমে হাসপাতাল থাকলেও বাস্তবে এটি যেন রুগ্ন এক প্রতিষ্ঠান। হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের মান নিয়েও রয়েছে ব্যাপক অভিযোগ।

তবে খাবারের মানের চেয়েও বেশি ক্ষোভ নার্সদের আচরণ নিয়ে। অনেক রোগী ও স্বজন অভিযোগ করেছেন, দায়িত্বশীল ও মানবিক আচরণের পরিবর্তে অনেক সময় দুর্ব্যবহার ও অবহেলার শিকার হতে হয় তাদের।

‎সচেতন মহল বলছে, বছরের পর বছর ধরে স্বাস্থ্যখাতের এই নাজুক অবস্থা দেখেও কার্যকর পদক্ষেপ না নেওয়া দুঃখজনক।

একটি দ্বীপ উপজেলা হিসেবে কুতুবদিয়ার মানুষের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সীমিত। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই এখানকার মানুষের শেষ ভরসা।

অথচ সেই প্রতিষ্ঠানেই যদি চিকিৎসক অনুপস্থিতি, অব্যবস্থাপনা ও অবহেলা চলতে থাকে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?

‎স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীর এই সফর যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়।

তিনি সরেজমিনে বাস্তব চিত্র দেখে নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা, নারী-শিশু ও পুরুষদের জন্য পৃথক ওয়ার্ড চালু এবং রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেবেন। কুতুবদিয়াবাসী এখন আর আশ্বাস নয়, দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়।

‎এদিন দক্ষিণ ধুরুং দরবার রাস্তার মাথায় রিক্সা চার্জের গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক অনুদানের চেক বিতরণ করবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর