এম.জিয়াবুল হক,চকরিয়া :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাক্কালে নির্বাচনী ইশতেহারে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে ‘স্বাবলম্বী পরিবার গড়তে’ দেওয়া প্রতিশ্রতির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলায় আনুষ্ঠানিক ভাবে হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ শুরু হয়েছে।
“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচিটি পরিচালনা করছেন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়। মুলতঃ দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে এ কর্মসূচি গ্রহন করে সরকার। বিশেষ ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবার গুলো সরকারি বিভিন্ন সহায়তা ও ভাতা সুবিধা পাবেন।
শনিবার (১৬ মে) বিকালে চাঁদপুর জেলা থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত প্রাথমিকপর্যায়ে নির্বাচিত উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের দুটি গ্রামের ৩০৫ উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিক ভাবে ফ্যামেলি কার্ড বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ সুগন্ধা মিলনায়তনে ৩০৫ পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের নারী সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন,জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, জেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ শাহী নেওয়াজ, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু তৈয়ব।
এছাড়াও ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, চকরিয়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল ইউপি সদস্য এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে হতদরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে ফ্যামেলি কার্ড বিতরণ করা হবে। এরই আলোকে প্রথমপর্যায়ে নির্বাচিত চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের একটি ওয়ার্ডের দুটি গ্রামের ৩০৫ পরিবারের মাঝে শনিবার কার্ড বিতরণের মধ্যদিয়ে এ কর্মসুচি শুরু হয়েছে।













