হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে চারটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ১৬ ও ১৭ মে টেকনাফের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল ও আসামিদের আটক করা হয়।
অভিযানে আটকৃতরা হলো- টেকনাফ নাইট্যংপাড়ার নূর আলমের পুত্র নূর কামাল(২১), টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৪নং ওর্য়াড দক্ষিন শিলখালী চৌকিদার পাড়ার নূর আহম্মদ এর পুত্র মোহাম্মদ ছলিম উল্লাহ (৩০)।
তিনি জানান,প্রথম অভিযানটি ১৬ মে শনিবার রাত ১১টায় কেরুণতলী এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ পরিচালনা করে।
তল্লাশিতে ১টি সন্দেহভাজন সিএনজি যানবাহন থেকে প্রায় ২৪ হাজার টাকার ৪৭ ক্যান বিদেশি বিয়ার ও পাচারকাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয় এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।
দ্বিতীয় ও তৃতীয় অভিযান দুটোই ১৭ মে রবিবার—সকালে হলবনিয়া ও মাথাভাঙ্গা ও বিকালে বাহারছড়া আউটপোস্ট কর্তৃক পরিচালিত হয়।
দুইটি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি করে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার ১২৭ লিটার বাংলা মদ এবং পাচারের কাজে ব্যবহৃত ইজিবাইকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
চতুর্থ অভিযান ১৭ মে দুপুর ১টায় সাবরাং-নয়াপাড়া সংলগ্ন এলাকায় আউটপোস্ট শাহপরী পরিচালিত হয়।
একটি সন্দেহভাজন ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকার ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে কোস্টগার্ডকে টের পেয়ে মাদক কারবারিরা ঝাউবনের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত যানবাহন ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।













