রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ইজিবাইকে শরীরে ইয়াবা পেঁচিয়ে পাচার : ৩ নারী কারবারি আটক, উদ্ধার ১ লাখ ২০ হাজার পিস

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামুতে র‍্যাব-১৫ এর পৃথক অভিযানে শরীরে বিশেষ কৌশলে ইয়াবা পেঁচিয়ে পাচারের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

শনিবার (১৬ মে) বিকেলে রামু উপজেলার বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় দুই ধাপে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের আলী আকবরের মেয়ে লাইলি বেগম (২৬), সালেহ আহমেদের মেয়ে গুল বাহার (৩৫) এবং ইউসুফ আলীর মেয়ে হাজেরা খাতুন (৬৫)। তারা একটি সংঘবদ্ধ নারী মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার) সূত্রে জানা যায়, নিয়মিত টহল চলাকালে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন তথ্য পায় যে, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে একটি ইজিবাইকে বিপুল পরিমাণ ইয়াবার চালান রামুর দিকে আনা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে রামু হাইটুপি বুথপাড়া সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

একপর্যায়ে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করা হলে নারী র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর দেহ তল্লাশি চালানো হয়।

এসময় তাদের শরীরে কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে বিশেষভাবে পেঁচানো অবস্থায় ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়।

পরে আটক দুই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্সের সামনে আরও একটি অভিযান চালিয়ে হাজেরা খাতুনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে আরও ২২টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মোট ৬০টি বান্ডেল থেকে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি সরবরাহ করে আসছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নারী সদস্যদের ব্যবহার করে এ পাচার কার্যক্রম পরিচালনা করা হতো বলেও তারা জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর