এস এম জোবায়ের,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ার মগনামা-উজানটিয়া সংযোগ সড়কের উপর সোনালী বাজার স্লুইচ গেট নির্মাণকাজ শে পর্যায়ে।
পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মাণাধীন এই প্রকল্পটি টেকসইভাবে সম্পন্ন করতে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফয়সাল চৌধুরী।
সরেজমিনে দেখা গেছে, স্থানীয়দের চলাচলের জন্য অস্থায়ী সাঁকো নির্মাণের পাশাপাশি বর্তমানে বাঁধ রক্ষা, মাটি কাটা ও জিও ব্যাগ স্থাপনের কাজ চলছে।
একই সঙ্গে পানি চলাচলের জন্য দুটি বড় নাশি বসানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা হাবিবুল করিম, জাহাঙ্গীর, আবছার, মঞ্জুর ও শিক্ষক আরিফ জানান, এই স্লুইচ গেটটি নির্মিত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ভাঙন থেকে রক্ষা পাবে এলাকাবাসী।
বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করছেন।
ঠিকাদার মো. ফয়সাল চৌধুরী জানান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রায় কাজ শেষ করা হয়েছে।
পানির তীব্র স্রোতের কারণে কাজে কিছুটা বেগ পেতে হলেও দ্রুত তা সমাপ্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।













