কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুল্ক ফাঁকি দিয়ে এসব বিদেশি সিগারেট অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে র্যাব-১৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অবস্থানরত বেলাল উদ্দিনকে আটক করা হয়।
পরে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি স্থান থেকে দুটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ বক্স বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট উদ্ধার করা হয়।
প্রতিটি বক্সে ছিল ২০ প্যাকেট করে সিগারেট। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার পিস বিদেশি সিগারেট।
আটক বেলাল উদ্দিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার দানু মিয়া ও গুলতাজ বেগমের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট সংগ্রহ করে আসছিল।
পরে এসব সিগারেট কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ ও বিক্রি করত বলে জানায় সে।
র্যাব জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতির অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জব্দ করা ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ তাকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।














