দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ এপ্রিল) রাতে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন পালংখালী বিওপি’র একটি টহলদল বাহারপাড়া গুইজা খাল এলাকায় অবস্থান নেয়।
এ সময় সীমান্তে নজরদারি জোরদার করা হয়।
রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মিয়ানমার দিক থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাকে থামার সংকেত দেয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তা থেকে খাকী রঙের মোড়কে প্যাকেটজাত এবং নীল বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













