শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিপুল পরিমান বিদেশি মুদ্রা ও জাল সনদপত্রসহ রোহিঙ্গা আটক

🗓 শুক্রবার, ১৫ মে ২০২৬

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৫ মে ২০২৬

👁️ ৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা সদস্য মোঃ তোহাকে বিদেশি মুদ্রা, জাল সনদপত্র ও বিভিন্ন সন্দেহজনক নথিসহ আটক করেছে এপিবিএন পুলিশ।

১৪মে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারে আগমনকালে লিংক রোড এলাকায় পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সি-লাইন বাসে ওঠার সময় যাচাই-বাছাইয়ের মাধ্যমে মোঃ তোহাকে আটক করা হয়।

পরে তাকে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত তার শেল্টারে নেওয়া হয়। হেড মাঝির উপস্থিতিতে শেল্টার তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, জাল কাগজপত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বাংলাদেশি নগদ ৫৩ হাজার টাকা, সৌদি রিয়াল ৩ হাজার ২৫০, মালয়েশিয়ান রিংগিত ৩ হাজার ৩০০ এবং মার্কিন ডলার ৬০০।

এছাড়া তার নামে তৈরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, মেয়ের জন্ম সনদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেক বইয়ের পাতা, একটি মোবাইল ফোন ও নিবন্ধিত দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। একই সঙ্গে তার অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোঃ তোহা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, তিনি ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং কার্যক্রম, মানবপাচার এবং ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূল সদস্য হিসেবে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা হিসেবেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর অসহায়ত্বকে কাজে লাগিয়ে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

বাংলাদেশ সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার বিষয়টিও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় উখিয়া থানায় মামলা নং-৪৬, তারিখ ১৫ মে ২০২৬, দায়ের করা হয়েছে। মামলায় The Special Powers Act, 1974 এর 25B(a)/25D ধারাসহ দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর