হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হোছেন আলী (৬২) নামে এক বৃদ্ধকে অপহরণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শুক্রবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অপহৃত হোছেন আলী বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া ঝর্ণাপাড়া সাইক্লোন সেন্টার সংলগ্ন বাড়িতে একদল অস্ত্রধারী ব্যক্তি হানা দেয়।
তারা নিজেদের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য পরিচয় দিয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং হোছেন আলীর বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট রয়েছে দাবি করে দরজা খুলতে চাপ দেয়।
দরজা না খুললে ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়।
একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা খুললে পাঁচজন অস্ত্রধারী ঘরে প্রবেশ করে হোছেন আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।
এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তিন রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয় বলে অভিযোগ পরিবারের।
অপহৃতের স্ত্রী রোজিনা বেগম বলেন, “আমার স্বামী কয়েকদিন ধরে অসুস্থ। পরিবারের আর্থিক অবস্থাও ভালো না। ছোট দুই সন্তান নিয়ে আমরা এখন চরম আতঙ্কে আছি।
” ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস প্রশাসনের কাছে দ্রুত হোছেন আলীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ বলেন, “হোসেন আলী নামে এক ব্যক্তিকে মুখোশধারীরা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছি।
তাকে উদ্ধারে পুলিশের বিশেষ টিম পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে।”
স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় সশস্ত্র তৎপরতা ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল বাহারছড়ার উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় দুর্বৃত্তদের অভ্যন্তরীণ সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়।













