সরওয়ার কামাল,মহেশখালী :: কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়া ১নং ওয়ার্ডের পাহাড়তলী এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ওই যুবককে ৩ পিস ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।













